সিরাজগঞ্জে কলেজছাত্রীকে গলাকেটে হত্যা

আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১০:০৫
 
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামে সাথী খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত সাথী জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান বাদলের মেয়ে ও শিয়ালকোল আব্দুল্লাহ আলমাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইসএসসি পরীক্ষার্থী।
 
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম জানান, রবিবার বিকেলের দিকে মেয়ে সাথীকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী ধুকুরিয়া গ্রামে আত্মীয়ের বাড়ি যান সাইদুর রহমান বাদল ও তার স্ত্রী। রাতে বাড়ি এসে তারা দেখেন সাথী কোথাও নেই। অনেক খোঁজাখুজির পর বাড়ি থেকে প্রায় একশো গজ দূরের একটি বাঁশঝাড়ে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।
 
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। 
 
ইত্তেফাক/কেকে