‘দেশের চলচ্চিত্র শিল্পকে বাঁচান’

আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১০:২৮
 
ঢাকাই চলচ্চিত্রে নতুন অভিনেতাদের মধ্যে সামনের সারিতেই আছেন সাইমন সাদিক। এবার তার অভিনীত ‘জল শ্যাওলা’ সিনেমাটি ৩ আগস্ট বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে, এমনটাই জানান চলচ্চিত্রটির পরিচালক জেসমিন আক্তার নদী।
 
চলচ্চিত্রটিতে সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন নবাগত প্রকৃতি। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এটি শিশুতোষ সিনেমা। সিনেমাটির দৃশ্যায়ণ ভালো হয়েছে। ৩ আগস্ট সেন্সর বোর্ড ছাড়পত্র পেয়েছি। সবকিছু ঠিক থাকলে আগস্ট মাসেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেবো।’
 
সিনেমাটি নিয়ে সায়মন সাদিক বলেন, ‘বেশ ভালো একটি সিনেমার কাজ শেষ করেছি। সিনেমার পাশাপাশি নামটিও সুন্দর। দেশে অনেক সুন্দর সিনেমা নির্মিত হয়। দর্শকরা সিনেমা দেখলেই আমরা অনুপ্রেরণা পাই। দর্শকদের কাছে একটাই অনুরোধ, আপনারা দেশীয় সিনেমা দেখুন, দেশের চলচ্চিত্র শিল্পকে বাঁচান।’
 
ছবিটিতে সাইমন-প্রকৃতি ছাড়াও অভিনয় করেছেন রেহেনা জলি, মাসুম আজিজ, রিপন খান, সীমান্ত, জিসান, তানভীরসহ অনেকে।
 
ইত্তেফাক/আনিসুর