স্থানীয় দুই ব্যক্তির মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গির্জায় বন্দুকধারীদের গুলিবর্ষণে ১১ জন নিহত হয়েছে। রবিবার সকালে আনামব্রা রাজ্যের ওজুবুলু এলাকার এ ঘটনায় আরো ১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপুলিশ প্রধান গারবা উমর।
পুলিশের ধারণা, যে ব্যক্তিকে হত্যার জন্য বন্দুকধারীরা গির্জায় হামলা চালিয়েছিল, হামলার সময় তিনি সেখানে ছিলেন না তাই বেঁচে গিয়েছেন। তারা স্থানীয় এক ব্যক্তিকে হত্যার চেষ্টা করছিল বলে মনে করছে পুলিশ, তবে কর্তৃপক্ষ তার পরিচয় প্রকাশ করেনি। সহিংসতার এই ঘটনা মাদক-পাচারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। উমর বলেন, ‘তাদের টার্গেট গির্জায় আছে ভেবে বন্দুকধারীরা সেখানে এসেছিল, কিন্তু ঘটনাক্রমে তিনি সেখানে ছিলেন না।’ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলটি খ্রিস্টান অধ্যুষিত এবং গির্জায় হামলার মতো সহিংসতা এখানে একটি বিরল ঘটনা। আনামব্রা রাজ্যের গভর্নর উয়িলি ওবিয়ানো জানান, বিদেশে বসবাসকারী স্থানীয় সমাজের দুই ব্যক্তির মধ্যে বচসার জেরে হামলার ঘটনাটি ঘটেছে। ‘ঘৃণিত’ এই হামলার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তিনি।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামী শরিয়া আইন চালুর দাবিতে ২০০৯ সাল থেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে বিদ্রোহীগোষ্ঠী বোকো হারাম। তাদের হামলায় এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এতে দেশটিতে বিশ্বের অন্যতম বড় মানবিক সঙ্কট তৈরি হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্যগুলোতে নৃগোষ্ঠীগত সহিংসতা একটি সাধারণ বিষয় এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের খনিজ তেলসমৃদ্ধ এলাকাগুলোও সব সময় জঙ্গি হামলার শঙ্কার মুখে থাকে। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
