সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচের চিকিত্সা সেবার পরিসীমা বৃদ্ধির সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সকল বাহিনীর বেসামরিক চর্তুথ শ্রেণির কর্মচারীদের পরিবারের সদস্যসহ অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারীদেরও সিএমএইচে চিকিত্সা সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করার জন্য কমিটি সুপারিশ করে।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মাহ্বুবুর রহমান ও মাহমুদ উস সামাদ চৌধুরী অংশ নেন। বৈঠকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানগণ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সামরিক বাহিনী কমান্ড এন্ড স্টাফ কলেজকে আধুনিকায়নের বিষয়ে আলোচনা হয়। সামরিক বাহিনী কমান্ড এন্ড স্টাফ কলেজের প্রতিনিধি বৈঠকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনাসহ প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি কমিটিকে অবহিত করে। সংসদীয় কমিটি কলেজের প্রশিক্ষণ জনবলের স্বল্পতা, ছাত্র-অফিসারদের বাসস্থানের স্বল্পতা, বিদ্যমান আবাসিক ভবনসমূহের সংস্কার, অফিসার, জেসিও ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বাসস্থান সমস্যা, বিদেশি অফিসারদের জন্য মানসম্মত আবাসিক ভবন ও মেসের স্বল্পতা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যানবাহন সমস্যাসহ সব ধরনের সমস্যা দ্রুত সমাধানের সুপারিশ করে।
ইত্তেফাক/মণ্ডল
