বিএনপির রাজনীতি খালেদা জিয়ার ভ্যানিটি ব্যাগে: কাদের

আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ০৯:১৮
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময়ের পরিবর্তনে বাস্তবতার প্রয়োজনে আওয়ামী লীগের কৌশল পরিবর্তন হতে পারে কিন্তু চেতনার শেকড় থেকে আমরা একচুলও সরে দাঁড়াইনি। তিনি বলেন, আমাদেরকে ভুল বুঝবেন না। আওয়ামী লীগ ভয়ঙ্কর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রায়াল করেছে এবং তাদের মৃত্যুদন্ড কার্যকর করেছে। শেখ হাসিনা জনগণ,স্বাধীনতা এবং আদর্শের প্রতি দায়িত্ববোধ থেকে এটা করতে পেরেছেন।
 
গতকাল সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এর ৮৮তম জন্মদিন উপলক্ষে এক ছাত্রী সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ছাত্রলীগের ঢাবি শাখা সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন শহীদ কন্যা ডা. নুজহাত চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি শাখা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
 
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির আন্দোলন এখন টেমস নদীর তীরে খালেদা জিয়ার ভ্যানিটি ব্যাগে। তারা আন্দোলন কিভাবে করবে? জনগণ তো শেখ হাসিনার সঙ্গে রয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর