জমি জোর করে লিখে নিয়ে রেনুয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে ছেলের বিরুদ্ধে। নিরুপায় হয়ে ওই বৃদ্ধা আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার নাজিরপুর শংকরপাশা গ্রামে।
জানা গেছে, রেনুয়া বেগমের স্বামী সেকান্দার সরদার ১০ বছর আগে মারা যান। এর পর তিনি স্বামী গৃহে বসবাস করছিলেন।
রেনুয়া বেগম অভিযোগ করেন, তার বড় ছেলে নুরুজ্জামান সরদার (৪৫) কয়েক বছর আগে কৌশলে আমার দেড় বিঘা সম্পত্তি নিজের নামে লিখে নেয়। একই সাথে হাতিয়ে নেয় আমার গচ্ছিত ৩০ হাজার টাকা। এর পর থেকে নুরুজ্জামান ও তার স্ত্রী আমার ওপর নির্যাতন শুরু করে। পরবর্তীতে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দিলে সে আরো ক্ষিপ্ত হয়। গত তিন মাস আগে এ অপরাধে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে বৃদ্ধা রেনুয়া বেগম অভিযোগ করেন।
এ ব্যাপারে সোমবার সকালে ওই বৃদ্ধা তার পুত্র নুরুজ্জামান সরদারের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সততা স্বীকার করেছেন।
ইত্তেফাক/জামান
