মাদ্রাসার চেক চালিয়াতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি খোরশেদ আলম। মঙ্গলবার কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেমায়েত উদ্দিন এর আদালত তাকে ওই মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি খোরশেদ আলম নবম সংসদ নির্বাচনে সংসদীয় আসন কুমিল্লা-৭ (চান্দিনা) থেকে ২০ দলীয় জোটের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তিনি চান্দিনা উপজেলা সদরের আল-আমিন কামিল মাদ্রাসার সভাপতি পদে থাকা কালিন সময়ে ওই মাদ্রাসার শিক্ষক কামরুজ্জামান ফারুক বিভিন্ন চেক জালিয়াতির মাধ্যমে ৫২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এনে ২০১১সালে আদালতে মামলা দায়ের করেন।
পাঁচ বছর মামলাটি আদালতে চলমান অবস্থায় অভিযোগের কোন সত্যতা না পেয়ে আদালত মঙ্গলবার মামলাটি খারিজ করে দিয়ে খোরশেদ আলমকে অব্যাহতি প্রদান করেন।
এব্যাপারে চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া জানান, রাজনৈতিক ভাবে হয়রানি করার উদ্দেশ্যে খোরশেদ আলম এর বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করা হয়েছিল। অবশেষে আদালতের মাধ্যমে সত্য উন্মোচিত হওয়ায় আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন।
ইত্তেফাক/জামান
