রাজশাহীতে ছাত্রী ধর্ষণ মামলার দুই আসামি রিমান্ডে

আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ২০:৩০
 
রাজশাহীর একটি গেস্ট হাউজে ছাত্রী ধর্ষণ মামলার আসামি শামসুল আলম বাদশা এবং আবু ফায়েজ ওরফে নাহিদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদনের শুনানি শেষে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহিদ হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
মামলার তদন্ত কর্মকর্তা শাহ্ মখদুম থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন তুহিন জানান, দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহে আদালতের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালতের বিচারক দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। শাহ্ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, আসামি বাদশা ও নাহিদ কারাগারে আটক রয়েছে। রিমান্ড মঞ্জুর হওয়ায় তাদের থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
 
উল্লেখ্য, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গত ৩১ জুলাই চাঁপাইনবাবগঞ্জের ওই ছাত্রীকে ডেকে এনে নগরীর নওদাপাড়ার গ্রিন গার্ডেন গেস্ট-হাউসে পালাক্রমে ধর্ষণ করা হয়। ওই রাতেই তরুণী শাহ্ মখদুম থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে পরদিন ভোরে আসামি ইউআইটিএস রাজশাহী শাখার সাবেক শিক্ষক শামসুল আলম বাদশা (৩৫) এবং ইজিটাচ কম্পিউটার দোকানের মালিক আবু ফায়েজ নাহিদকে (৩০) গ্রেফতার করে।
 
ইত্তেফাক/জামান