বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ০৯:৫২
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বঙ্গবন্ধুর খুনিরা কে কোন্ দেশে পলাতক আছে, তা চিহ্নিত করা হয়েছে। জোরদার করা হয়েছে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ। গতকাল মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে  জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত সার্বিক আইন-শৃঙ্খলা ফলোআপ বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে তত্পরতা অব্যাহত আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সার্বক্ষণিক কাজ করছে। আমরা আশা করছি খুব কম সময়ের মধ্যেই খুনিদের ফিরিয়ে আনতে পারবো। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে সরকারের একটি টাস্কফোর্স কমিটি আছে। যে কমিটির প্রধান আইনমন্ত্রী আনিসুল হক, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই কমিটির সদস্য। পররাষ্ট্রমন্ত্রী, আইজিপি এই কমিটির সদস্য। সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ের সচিবরাও পদাধিকার বলে এই কমিটির সদস্য।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সম্প্রতি আমরা এই কমিটির মিটিং করেছি। সেই মিটিংয়ে পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে কিভাবে কূটনৈতিক তত্পরতা চালানো হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
 
১৫ আগস্টের অনুষ্ঠান পালন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, ধানমন্ডির ৩২ নম্বর, বনানী কবরস্থানসহ যেখানে পনের আগস্টের অনুষ্ঠান হবে, সেখানে বিশেষ নিরাপত্তা বেষ্টনি থাকবে। এ সব স্থানে সিসি ক্যামেরা থাকবে। অনুষ্ঠানে আগতরা অন্য কোন উদ্দেশ্যে সেখানে এসেছে কিনা বা নাশকতার উদ্দেশ্যে এসেছে কিনা, তা পর্যবেক্ষণের জন্য সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। 
 
তিনি আরো বলেন, অনুষ্ঠানগুলোতে অতিথিরা যে গাড়িগুলো নিয়ে আসবেন, সে গাড়িগুলোর ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। একইভাবে টুঙ্গিপাড়া যে গাড়িগুলো যাবে, তার জন্যও বিশেষ নির্দেশনা থাকবে। রাজধানীর নির্দেশনা দেবেন ডিএমপি কমিশনার, টুঙ্গিপাড়ায় নির্দেশনা দেবেন ঢাকা বিভাগের ডিআইজি। পাশাপাশি সবাইকে এই ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য তিনি আহবান জানান।
 
ইত্তেফাক/আনিসুর