দুষ্টু ছেলের কাণ্ড, ফেসবুকে বাবার ছবি ফাঁস

আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১০:২৩
 
সম্প্রতি আল জাজিরা টিভির একটি লাইভ অনুষ্ঠানে দেখা যায়, কালো কোট পরা এক ব্যক্তি বক্তব্য দিচ্ছেন। তবে টিভি ক্যামেরায় কেবল তার বুক পর্যন্ত দেখা যাচ্ছিল। নিচের অংশ দেখা যাচ্ছিল না।  কিন্তু পরে ওই ব্যক্তির ছেলে ফেসবুকে ফাঁস করে দিল কেন টিভি ক্যামেরায় কেবল তার বাবার বুক পর্যন্ত দেখাচ্ছিল।
 
ছেলে ফেসবুকে বাবার সেই ইন্টারভিউ দেওয়ার সময়ের একটি ‘ফুল’ ছবি পোস্ট করেছে। সেই ছবিতে দেখা যায় তার বাবা কোট পরা থাকলেও পরনে ছিল কেবল একটি হাফপ্যান্ট!
 
ঘটনাটি জর্ডানের। আল জাজিরা চ্যানেলে জর্ডানের রাজনৈতিক বিশ্লেষক মাজিদ আসফার একটি ইন্টারভিউ দেন। পরে ছেলে ছবিটি প্রকাশ করার পর লজ্জায় পড়ে জান আসফার। তিনি একটি নিউজ চ্যানেলকে বলেন, সেদিন প্রচন্ড গরম পড়েছিল। তাই তিনি বাড়িতে হাফপ্যান্ট পরে বসেছিলেন।
 
এমন সময় টিভি চ্যানেলের লোকজন ইন্টারভিউ নিতে আসে। তিনি বলেন এই গরমে প্যান্টশার্ট পরতে পারবেন না, তাই ইন্টারভিউ দিতে পারবেন না। টিভির লোকজন তাকে বলে কেবল একটি কোট গায়ের উপর চাপিয়ে দিতে। তারা কেবল  শরীরের উপরের অংশ দেখাবে বলে জানায়।
 
এবং সেটাই করে তারা। কিন্তু তার ছেলে যে ওই সময়ের ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেবে তা তিনি বুঝতে পারেননি বলে জানান। যাহোক আসফারকে আগে তেমন কেউ না চিনলেও ছেলের এই কান্ড তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে। খবর এনডিটিভি।
 
ইত্তেফাক/আনিসুর