যাজকের মুক্তি নিয়ে কথা বলতে কানাডার শীর্ষ কর্মকর্তা উ. কোরিয়ায়

আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৪:২১
কানাডার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড্যানিয়েল জিয়ান কারারুদ্ধ কানাডীয় এক যাজকের মুক্তির বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার উত্তর কোরিয়া গেছেন। দেশটির এক মুখপাত্র একথা জানায়। জানা গেছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বিষয়ে অনধিকার চর্চার অভিযোগে ২০১৫ সালে ৬১ বছর বয়সী ধর্মযাজক হিওন সু লিমকে গ্রেফতার করা হয়। পরে এ মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
 
পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোয় দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত এ ধর্মযাজককে অভিযুক্ত করা হয়। কানাডিয়ান কর্তৃপক্ষ উত্তর কোরিয়ার এ অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। জাস্টিন ট্রুডোর মুখপাত্র ক্যামেরন আহমাদ বলেন, ‘কানাডা সরকারের একটি প্রতিনিধি দল যাজক লিমের মামলার ব্যাপারে আলোচনা করতে বর্তমানে উত্তর কোরিয়ায় রয়েছেন।’
 
এদিকে লিমের পরিবার স্থানীয় সংবাদ মাধ্যমকে তার ভালো-মন্দ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে জুনে উত্তর কোরিয়ার কারাগার থেকে মুক্তি পাওয়া আমেরিকান ছাত্রের মৃত্যুর কারণে তারা খুবই উদ্বিগ্ন রয়েছে বলে জানিয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু