বাগেরহাটে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৫:৫৩

বাগেরহাটের সীমান্তে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী রফিক শেখ (৪২) নিহত হয়েছেন। এসময় অটোরিকশায় থাকা নিহত রফিকের স্ত্রী সন্তানসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচা নদীর ব্রিজ এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত রফিক শেখের বাড়ি পিরোজপুর জেলার সদর উপজেলার পশ্চিম ডুমুরিতলা গ্রামে।

আহতরা হলেন, নিহত রফিকের স্ত্রী রুমা বেগম, দুই ছেলে রাকিব ও আবির এবং অটোরিকশার চালক আসলাম।

জেলার মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, ‌‘শনিবার বেলা ১২টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সীমান্তে বরিশাল থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে অতিক্রম করার সময় তাতে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে রফিক শেখ নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান এবং তার পরিবারের সদস্যরা আহত হন।পরে বাসের চালক বাস নিয়ে পালিয়ে যান।’ 

আরও পড়ুন: কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই

আহতদের উদ্ধার করে পিরোজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রফিক শেখ তার পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশা করে বাগেরহাট থেকে পিরোজপুরের বাড়িতে ফিরছিলেন বলে জানান তিনি।

ইত্তেফাক/কেকে