বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনার চর থেকে আব্দুল খালেক (১৫) নামে গলায় ফাঁস লাগানো এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে রাতেই অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত সন্দেহে সিহাব হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল খালেক উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা মন্টু উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের ডাবলু চৌধুরীর ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত খালেকের মা খালেদা বেগম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে রুপক নামে এক যুবক খালেককে বাড়ি হতে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় খোঁজ করার এক পর্যায়ে সন্ধ্যার দিকে তারা জানতে পারেন উপজেলার দিঘলকান্দি হার্ড পয়েন্টের পাশের চরে এক যুবকের লাশ পড়ে আছে। পুলিশ সেখান থেকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো লাশটি উদ্ধার করার পর তারা সেটি খালেকের বলে শনাক্ত করেন।
সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক এনায়েতুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে সিহাব নামে এক যুবকে আটক করা হয়েছে। সে পৌর এলাকার বাগবেড় গ্রামের রিকশা চালক শোভা ফকিরের ছেলে। নিহত খালেকের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে বুধবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার এই ঘটনায় মামলা দায়ের করবে বলেও তিনি জানান।
ইত্তেফাক/জামান
