এসএম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১১:১০
 
বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে আজ সকালে শহরের কুড়িগ্রামে সুলতানের বাসভবনে কোরানখানি, দোয়া মাহফিল, শিল্পীর কবরে বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ, শিশুস্বর্গ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দু’শতাধিক শিশু অংশ নেয়।
 
আলোচনা সভায় সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাহবুবুর রহমান,সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার শীল, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর তিনদিনব্যাপী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে সুলতান উৎসব অনুষ্ঠিত হবে।সুলতান ফাউন্ডেশনের আয়োজনে আগামী ৯ সেপ্টেম্বর চিত্রা নদীতে পুরুষ ও মহিলা নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/এমআর