ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৪:০৯
 
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খারী কড়াইতলা নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কড়াইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
 
আহতরা হলেন- ঝিনাইদহ সদরের জাড় গ্রামের অমূল্য হালদারের ছেলে গোপাল কুমার (৩০), মাইদারপুর গ্রামের শামসুর রহমান (৬৫) ও তার স্ত্রী হারেজান (৫৮), কোলা গ্রামের তোফাজ্জেল হোসেন (৪০), মাইজধরপুর গ্রামের আনছার আলীর মেয়ে ইসমত আরা (২০), কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী মমতাজ (৩৫), মাগুরার আড়পাড়ার গ্রামের দিদার বিশ্বাসের ছেলে নিকুঞ্জ কুমার (৩৫), চুয়াডাঙ্গার জীবন নগর হাসাদা গ্রামের কৃষ্ণ মণ্ডলের স্ত্রী গঙ্গা রাণী (৫০), একই গ্রামের অশ্বিন কুমারের স্ত্রী অনিতা রাণীসহ (৫৫) অন্তত ১৫ জন আহত হয়েছেন।
 
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ জানান, সকালে মাগুরা থেকে যশোরগামী ফয়সাল পরিবহনের একটি বাস ঝিনাইদহ-যশোর মহাসড়কের কড়াইতলা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হন। ঘটনার সংবাদ পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। 
 
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
 
ইত্তেফাক/কেকে