জাইকার বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি তাকাতোসি নিশিকাতা বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তার সচিবালয়স্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। তাকাতোসি নিশিকাতা ৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব ইকরামুল হক, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এএসএম মাহবুবুল আলম, অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জাপানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, জাপান সরকার বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে জাইকার সহযোগিতা ভূমিকা রাখছে।
মন্ত্রী গভর্ন্যান্সের পাশাপাশি বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে জাইকার সহযোগিতার কথা উল্লেখ করেন।
মন্ত্রী নিরাপদ খাবার পানি সরবরাহ, স্যানিটেশন প্রযুক্তি বিষয়েও একসঙ্গে কাজ করার জন্য জাইকার প্রতি আহ্বান জানান।বাসস
ইত্তেফাক/ইউবি
