ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় অবরুদ্ধ মারাউয়ি শহরে জঙ্গিদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযানে ৯ জন নিহত হয়েছে। সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, এসব জঙ্গিদের সঙ্গে আল-কায়েদার সম্পৃক্ততা রয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন জো আন পেটিংলে জানান, দেশটির দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে আস্তানা গেড়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে তাদের সেনাবাহিনী। মূলত সেখানে মাউত গ্রুপ ও আবু সায়েফ গ্রুপের বিরুদ্ধেই তারা অভিযানে নামে।
অভিযানকালে জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে বিমান থেকে গোলার হামলা চালানো হয়। আনাদোলু নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, যেসব শত্রু তাদের অভিযানে নিহত হয়েছে এর মধ্যে আবু সায়েফের নেতা ইসনিলন হেপিলন দলের লোকজনও রয়েছে। এরা মসজিদের নিচে একটি সুড়ঙ্গ বানিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র কালো তালিকায় হ্যাপিলনের নাম রয়েছে। এই গ্রুপটিই আল-কায়েদার অনুসারী। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ পর্যন্ত মাউত এবং আবু সায়াফের পাঁচ শতাধিক লোক নিহত হয়েছে। আর সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে ১২২ জন।
এছাড়া অনেক বেসামরিক লোকও নিহত হয়েছে। গত ২৩ মে মাউত গ্রুপ মারাউয়িতে হামলা চালালে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে গোটা মিন্দানাও দ্বীপে সামরিক আইন জারি করেন। দেশটিতে সশস্ত্র গ্রুপের এ ধরনের হামলায় সাড়ে তিন লাখেরও বেশি মানুষ প্রাণভয়ে পালিয়ে গেছে। আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির
