খুলনায় আর্মড পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৭:২৫

খুলনায় আর্মড (এপিবিএন) পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার নগরীর শিরোমনি বাদামতলা এলাকার মনিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে স্বামী মাহমুদ আলম তার স্ত্রী আয়শা আক্তারকে (২০) মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন। শনিবার ভোরে তিনি বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যান। দুপুরের দিকে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন খোঁজখবর নিতে গিয়ে ঘরে আয়শা আক্তারকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। দুপুর ২টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সূত্র জানায়, নায়েক মাহমুদ আলম খুলনার শিরোমনি এপিবিএন কর্মরত। গত ৫ মাস আগে তাদের বিয়ে হয়। শুক্রবার রাতে সেমাই খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে মাহমুদ আলম তার স্ত্রী আয়শার গলায় কামড় দেন। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েন। নিহত আয়শা গলায় কামড়ের চিহ্ন রয়েছে।ঘাতক পুলিশ কনস্টেবল মাহমুদ আলম ও তার স্ত্রীর বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়।

আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগ করায় শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘নিহত আয়শার গলায় কামড় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী এপিবিএন সদস্য মাহমুদ আলমকে আটক করেছে।’ 

ইত্তেফাক/কেকে