গৌরনদীতে সরকারি খালের মধ্যে পাকা ভবন নির্মাণ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৭:২৯

বরিশালের গৌরনদীর সাকোকাঠিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি খালের মধ্যে পাকা ভবন নির্মাণ করছেন দিলীপ কুমার নামে স্থানীয় প্রভাবশালী এক ব্যাক্তি। তিন সপ্তাহ আগে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলেছিল গৌরনদী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এরপরেও থেমে নেই ওই ব্যাক্তির দখল প্রক্রিয়া। পুনরায় একইস্থানে সে ভবন নির্মাণ কাজ শুরু করেছে।

এ নিয়ে এলাকাবাসীর মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দেখা দিয়েছে নানা প্রশ্ন। আসলে ওই ব্যাক্তির খুঁটির জোর কোথায় ? 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মার্চ মাসের প্রথম দিকে উপজেলার সাকোকাঠি মিশুক স্ট্যান্ড সংলগ্ন সরকারি খালের জমি দখল করে অবৈধভাবে পাকা ইমারাত তৈরির কাজ শুরু করে সাকোকাঠি গ্রামের দিলীপ কুমার দাশ ওরফে দুখি রাম নামের প্রভাবশালী এক ব্যাক্তি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন গৌরনদীর উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন। তার নির্দেশে গত ১৪ মার্চ গৌরনদী উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মোঃ মিজানুর রহমান, সরিকল ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার সহ অন্য কর্মচারীরা ওই স্থানে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। একই সঙ্গে তাকে সরকারি খালের মধ্যে ভবন নির্মাণ না করার নির্দেশ প্রদান করেন ভূমি অফিসের কর্মকর্তারা।

জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে গত তিনদিন যাবত একইস্থানে পুনরায় পাকা ভবন তৈরির কাজ শুরু করেছেন ওই ব্যাক্তি। এ ব্যাপারে অবৈধ দখলদার দিলীপ কুমারের সঙ্গে কথা বলতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুনঃ ফুলবাড়ীতে দুই হাতের কবজি দিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তানিয়া

বিষয়টি নিয়ে গৌরনদীর নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। দুইদিন অফিস বন্ধ। এসিল্যান্ডসহ কর্মচারীরা কর্মস্থলে ছিলেন না। বিধায় উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয়নি। আগামীকাল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু