বিমসটেকের মহাসচিব হচ্ছেন রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ২২:৩৩
আঞ্চলিক জোট বিমসটেকের নতুন মহাসচিব হচ্ছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম। বিমসটেকের প্রথম বাংলাদেশি মহাসচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। 
 
বৃহস্পতিবার কাঠমান্ডুতে বিমসটেকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ১৮তম বৈঠকে শহিদুল ইসলামকে নতুন মহাসচিব পদে অনুমোদন দেওয়া হয়। শুক্রবার বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তার নিয়োগ চূড়ান্ত অনুমোদন পাবে। শহিদুল ইসলাম বিমসটেকের মহাসচিব শ্রীলঙ্কার নাগরিক সুমিত নাকান্দালার স্থলাভিষিক্ত হবেন। 
 
‘দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টেরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন’ (বিমসটেক) প্রতিষ্ঠার ১৭ বছর পর ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকায় প্রথম স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালে শ্রীলঙ্কার সুমিত নাকানন্দালা প্রথম মহাসচিব হন। বুধবার তার মেয়াদ শেষ হলে পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তারা নতুন মহাসচিব হিসাবে শহীদুল ইসলামকে অনুমোদন দেন। বাংলাদেশের পক্ষ থেকে এম শহিদুল ইসলামের নাম বিমসটেক সদস্যভুক্ত সদস্য দেশগুলোর কাছে আগেই পাঠানো হয়েছিল।  বর্তমানে বিমসটেকের সভাপতি নেপাল।
 
বাংলাদেশের চারটি মিশনে রদবদল
এদিকে সরকার ইউরোপ ও এশিয়ায় বাংলাদেশের চারটি মিশনে রাষ্ট্রদূত পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বিমসটেকের মহাসচিব পদে মনোনীত হওয়ায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন। মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে অস্ট্রেলিয়ায় হাইকমিশনার পদে বদলি করা হচ্ছে। মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল রেজিনা আহমেদকে মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হচ্ছে। আর মরিশাসে রাষ্ট্রদূত হচ্ছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান।
 
ইত্তেফাক/ইউবি