মেহেরপুরে দুই বালু ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১২:৪১
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের দুই বালু ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উত্তোলিত বালু ও ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পিরোজপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযান পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক। অর্থদণ্ডপ্রাপ্ত দুই বালু ব্যবসায়ী হচ্ছেন- সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে ছমিল হোসেন ও একই গ্রামের ফজলুল হকের ছেলে জিয়ারুল ইসলাম। 
 
জানা গেছে, পিরোজপুর গ্রামের মাঠে কয়েকটি পুকুর থেকে ড্রেজিং দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন ওই দুই বালু ব্যবসায়ী। এতে এলাকার কৃষি জমি ও বসতবাড়ি ভাঙ্গনের কবলে পড়ার আশংকা দেখা দেয়। খবর পেয়ে বিকেলে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক। অভিযানে জিয়ারুল ও ছমিলকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করেন আটক দু’জন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(১৫)১ ধারায় আটক দু’জনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটক দু’জন জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান। 
 
এদিকে একই ভ্রাম্যমাণ আদালত পিরোজপুর গ্রামের সড়ক থেকে মোটরসাইকেল মালিক সদর উপজেলার ঝাউবাড়ীয়া গ্রামের মহিবুল ইসলামের কাছ থেকে সাতশ’ টাকা জরিমানা আদায় করেন। ড্রাইভিং লাইসেন্স না থাকা ও তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেল চালানোর দায়ে তাকে দোষী সাব্যস্ত করেন ভ্রাম্যমাণ আদালত। মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৮ ও ১০০ ধারায় জরিমানা আদায় করা হয়। 
 
অপরদিকে সদর উপজেলার আমঝুপিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা ও ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল। এ সময় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক ফাহিম ফয়সাল উপস্থিত ছিলেন। এছাড়াও আমঝুপি বাজারের হোমিও চিকিৎসক মোহাম্মদ খসরুর ২ হাজার টাকা এবং হোটেল ব্যবসায়ী আব্দুল জব্বারকে ৩ হাজার টাকা জরিমনা করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই