আশুলিয়ায় গাড়ি চালককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৮:৪২

সাভার উপজেলার আশুলিয়ায় এক গাড়ি চালককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গাড়ি চালকের নাম সাদ্দাম হোসেন (২৬)। আজ শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া কবিরপুর এলাকার রাস্তার পাশ থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। 

নিহত সাদ্দাম হোসেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার সুরত আলীর ছেলে। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবহন চালাতেন এবং কিছুটা নেশাগ্রস্থ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার রোজ ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে দুই যুবক তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়। শনিবার সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি থানায় ফোন করে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে। 

আরও পড়ুন: বরগুনায় স্কুলের বিম ভেঙ্গে শিক্ষার্থী নিহত, আহত ৫

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে সনাক্ত করা হয়েছে। এঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করে তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে। 

ইত্তেফাক/কেকে