ভোলার মেঘনা নদী থেকে তিন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা।
শুক্রবার ভোর রাতে দৌলতখান উপজেলার মেঘনার মদনপুরা এলাকার বাইরের চর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন- সফিক (৩০), হিরণ (৩৪) ও নাছির (৩২)। অপহৃতদের বাড়ি মদনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মদনপুর মৎস্য আড়ত মালিক আবদুল খালেক জানান, ভোরে ৩টি ট্রলার নিয়ে জেলেরা মেঘনার মদনপুর সংলগ্ন বাইরের চর এলাকায় ইলিশ শিকার করছিলেন। এ সময় একদল জলদস্যু জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে সফিক, হিরন ও নাছিরকে অপহরণ করে নিয়ে যায়।
দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, পুলিশকে কেউ বিষয়টি জানায়নি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
