ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।
শুক্রবার বিকেল ৩টার দিকে মালদ্বীপ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার বড় ভাই নায়েব আলী।
বিমানবন্দরে সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি রাষ্ট্রকে ধন্যবাদ জানাই। আমার সামর্থ্য ছিল না দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর। রাষ্ট্র আমার পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আমার খোঁজ নিয়েছেন।’
গত ২০ জুলাই বেলা ১১টার দিকে রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন। পুলিশের বেঁধে দেওয়া আধা ঘণ্টা সময়ের পরও অবস্থান চালিয়ে গেলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও লাঠিপেটা করে পুলিশ। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেট সিদ্দিকুর রহমান নামের এক শিক্ষার্থীর চোখে বিদ্ধ হয়েছে বলে দাবি করেন সহপাঠীরা। সে সময়কার একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশের ছোড়া টিয়ার সেলে রাজপথে পড়ে যান সিদ্দিকুর। তার চোখ দিয়ে রক্ত ঝরছিল।
তবে এই অভিযোগ অস্বীকার করে এ ঘটনায় শাহবাগ থানায় এক হাজার ২০০ জনের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম উল্লেখ করেন, আন্দোলনকারীদের ছোড়া ফুলের টবের আঘাতে সিদ্দিকুর রহমানের দুই চোখে আঘাত লেগেছে।
ইত্তেফাক/ইউবি
