অ্যান্টার্কটিকার একটি কুঁড়েঘরে ১০০ বছর আগের একটি ফ্রুট কেক পাওয়া গেছে। অবিশ্বাস্য হলেও সত্য, এই কেকটি এতটাই সতেজ আছে যে তার স্বাদ এবং ঘ্রাণ প্রায় অক্ষত আছে। হাস্যকর শোনালেও সত্য, এটি এখনো খাওয়ার উপযোগী আছে! অ্যান্টার্কটিকার কেপ অ্যাডার নামক স্থানে নিউজিল্যান্ড ভিত্তিক একটি সংস্থার গবেষকরা সম্প্রতি ওই কেকটি খুঁজে পেয়েছেন। কেকটি একটি টিনের বাক্সে আটকানো ছিল। টিনের বাক্সটি মরিচা পড়ে প্রায় ধ্বংস হবার উপক্রম হলেও তার ভেতর থেকে বের করা হয় ফয়েল পেপারে মোড়ানো কেকটি। গবেষকরা এই দৃশ্য দেখে অবাক হয়ে যান।
ধারণা করা হচ্ছে, ব্রিটিশ এক্সপ্লোরার রবার্ট ফ্যালকন স্কট কেকটি সেখানে নিয়েছিলেন। এটি ব্রিটেনের বিস্কুট কোম্পানি হান্টলে অ্যান্ড পালমারস এর তৈরি। ১৯১০ সালের দিকে ফ্যালকনের নেতৃত্বে একদল এক্সপ্লোরার অ্যান্টার্কটিকার টেরানোভা অভিযানে যায়। এদের মধ্যে কয়েকজন কেপ অ্যাডারের ওই ঘরে ঠাঁই নিয়েছিলেন। তাদের সঙ্গে অন্যান্য খাবারের সঙ্গে ছিল এই ফ্রুট কেকটি। তারাই কেকটি সেখানে ফেলে গিয়েছিলেন। ফ্যালকন ও তার সঙ্গীরা ১৯১২ সালে সাউথ পোলে পৌঁছান। ফেরার পথে তারা সবাই তুষার ঝড়ে মারা যান। কেকটি কেন নষ্ট হয়নি সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গবেষকদের মনে। তবে তাদের প্রাথমিক অনুমান, অ্যান্টার্কটিকায় প্রচণ্ড ঠাণ্ডার কারণেই কেকটি ১০০ বছর পরেও সতেজ আছে। -এনডিটিভি
ইত্তেফাক/এমআর
