বিপৎসীমার ১৫০সে.মি. উপরে সোমেশ্বরীর পানি

আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৮:১২
 
নেত্রকোনার দুর্গাপুরে বর্ষা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পৌরসভাসহ সাতটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে।
 
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পানি বেড়ে বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি প্রবেশ করেছে। উপজেলার বিভিন্ন মৎস্য খামারের মাছ ভেসে গেছে। প্লাবিত গ্রামগুলোতে সংকট সৃষ্টি হয়েছে জ্বালানী ও গো-খাদ্যের। 
 
প্লাবিত অঞ্চলগুলো হলো- উপজেলার সদর ইউনিয়নের মেনকীফান্দা, মাসকান্দা, চন্দ্রকোনা মায়ানগর, শ্যামনগর, গাঁওকান্দিয়ার- ভাদুয়া, দক্ষিণ ভবানীপুর, শংকরপুর, তীতারজান কুল্লাগড়ার-কামারখালী, সনারকান্দা, খুজিগড়া, বিপিনগঞ্জ, বিরিশিরির- দাখিনাইল, করুনিয়া, গাভীনা, সাগরদিঘীরপাড়, কাকৈরগড়ার- ঝাঞ্জাইল বাজার, নগুয়া, তাতিরকোনা, লক্ষ্মীপুর, বাকলজোড়ার- কেট্রা, গুজিরকোনা, রামনগর, নাগেরগাতী, চণ্ডীগড়ের-কেরনখলা, গোহালিয়াকান্দা, ফেচিয়া, সাতাশী, পৌরসভার-বুরুঙ্গা, মাকরাইল, চরমুক্তারপাড়া, মুজিবনগর ও দক্ষিনপাড়া।
 
উপজেলা কৃষিকর্মকর্তা ওমর ফারুক বলেন, দুর্গাপুরে এবার পাঁচশ' হেক্টর আমন ধান রোপণ করা হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পুরো উপজেলার আমন ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ১৫০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
ইত্তেফাক/জামান