নদ-নদীসমূহে পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৯:৪৩
 
দেশের নদ-নদীসমুহে পানি বাড়ছে। আগামী ৭২ ঘন্টায় যমুনা ও ব্রহ্মপুত্রের পানি ১ মিটার পর্যন্ত বাড়তে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা বর্তমানে বিপদসীমার ১ দশমিক ৫-২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
পানি বাড়ার এই প্রবণতায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যার আশঙ্কা করছে।
 
শনিবার পাউবি’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের উজানের তিনটি অববাহিকায় (গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা) মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলে বিগত তিনদিন থেকে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফল এই অববাহিকার নদীসমূহের ভারতীয় অংশে এবং বাংলাদেশের অভ্যান্তরে পানি বৃদ্ধি পাচ্ছে।
 
এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর ভারতীয় অংশে গড়ে ৭০ থেকে ৮০ সেন্টিমিটার এবং বাংলাদেশ অংশে ৫৫ সেন্টিমিন্টার, গঙ্গা-পদ্মা নদীর ভারতীয় অংশে ১৬ সেন্টিমিটার. ও বাংলাদেশ অংশে ১৫ সেন্টিমিটার এবং মেঘনা অববাহিকায় গড়ে ১ মিটার করে পানি বৃদ্ধি পেয়েছে।
 
মেঘনা অববাহিকায় প্রধান-প্রধান নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলসহ বাঁধের বাইরে নদীর পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় অবনতিশীল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 

ইত্তেফাক/এএম।