ভালুকায় গ্রামীণ সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০১:৪১

ভালুকা উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা। ওইসব সড়কগুলো দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার পথচারী ও কয়েক হাজার যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। অধিকাংশ সড়কে যানবাহন চলাতো দূরের কথা পায়ে হেঁটে চলাও কষ্টকর।

উপজেলার অন্যতম জনগুরুত্বপূর্ণ পৌরসভার থানার মোর হতে মেদিলা হয়ে বিরুনীয়া সড়কটি খুবই খারাপ অবস্থা। এটা পাকা না কাঁচা তা বলাই মুশকিল। খানাখন্দে ও সড়কের দুই পাশে মত্স্য খামার থাকায় সড়কগুলো ভেঙে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে বোর্ড বাজার হতে রাজৈ, বিরুনীয়া হতে রাজৈ ও নতুন বাজার, মুক্তির বাজার হতে মেদিলার কাঁচা সড়ক এবং ভাওয়ারমোর হতে পালপাড়াঘাট, সিডষ্টোর হতে পালগাঁও, তামাট বাজার হতে মল্লিকবাড়ী, কাতলামারী বাজার হতে উথুরা, চামিয়াদী বাজার হতে কাতলামারী বাজার, আংগারগাড়া বাজার হতে বাটাজোর, বগারবাজার হতে ধলিয়া, নিশিন্ধা হতে পুরুরা, পাঁচগাঁও বাজার হতে কাতলামারী, ডাকাতিয়া চৌরাস্তা হতে আউলিয়ার চালা, আংগারগাড়া বাজার হতে আউলিয়ার চালা, সিডষ্টোর হতে ঝালপাঁজা, মনোহরপুর হতে ঝালপাজা, পাড়াগাঁও থেকে গৌরীপুর, ডুবালীয়া পাড়া মোর হতে কাশর ওইসব কাঁচা ও এইচ বিবি সলিং সড়কগুলো চলাচলের সম্পূর্ণভাবে অযোগ্য হয়ে পড়ছে। উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী পাঁচ রাস্তার মোড় হতে মল্লিকবাড়ী বাজার পর্যন্ত। সিডষ্টোর হতে বাটাজোর হয়ে সখিপুর পর্যন্ত সড়কে খানাখন্দে কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

ভালুকা উপজেলা  প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম জানান, ‘ইউনিয়ন থেকে ইউনিয়নে যোগাযোগের জন্য ভালুকা উপজেলায় ১২৫ দশমিক ৯ কিলোমিটার সড়ক রয়েছে। তন্মধ্যে ৪৪ কিলোমিটার পাকা ও ৬৩ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। ওইসব সড়কগুলোতে ধাপে ধাপে কাজ করা হচ্ছে। আশা করছি আগামী কয়েক বছরের মধ্যেই সব সড়কগুলোর অবস্থা ভালো হয়ে যাবে।’

ইত্তেফাক/নূহু