ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক চুলা দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২৩:২৬

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া মিলনপুর এলাকায় বৈদ্যুতিক চুলার তারের সঙ্গে জড়িয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, গড়েয়া ইউনিয়নের মিলনপুর এলাকার কেরামত আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী শিউলী বেগম (৩০)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের স্ত্রী শিউলী বেগম বৈদ্যুতিক চুলায় রান্না করছিলেন। হঠাৎ শিউলী চূলার তারের সঙ্গে জড়িয়ে যায়। এ সময় শিউলীর স্বামী নজরুল তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদুৎস্পৃষ্ট হন।

তাৎক্ষনিকভাবে পরিবারের অন্য সদস্যরা ওই স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: তানিয়া তাদের মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম রেদো বৈদ্যুতিক চুলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বৈদ্যুতিক চুলা দুর্ঘটনায় স্বামী-স্ত্রী মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

ইত্তেফাক/নূহু