যে চত্বরে ২৪ ঘণ্টায় যে কোন সময় গেলেই লাইট-ক্যামেরা-অ্যাকশন শব্দগুলো কানে ভেসে আসে। সেই সিনেমার প্রাণ কেন্দ্রটিই আজ স্থবির হয়ে গিয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী 'জাতীয় শোক দিবস' উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন।
দেশের অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো আজ বিএফডিসির সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। এদিকে এফডিসি প্রাঙ্গণে ছিল শোক দিবসকে ঘিরে নানা আয়োজন। প্রশাসন থেকে শুরু করে, পরিচালক সমিতি, সহকারী পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ বিএফডিসির বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করছেন।
সকালে এফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বাজ্ঞাপন করে শিল্পী সমিতি মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। দুপুর ১টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বাজ্ঞাপন করেন শিল্পীরা। চিত্রনায়ক রিয়াজ, খলনায়ক ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, চিত্রনায়ক বাপ্পি, সাধারণ সম্পাদক জায়েদ খান, সাইমন সাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/রেজা
