সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম দিবা-রাত্রির টেস্টে গোলাপি বলের সঙ্গে মানিয়ে নেয়ার সক্ষমতাটাই গুরুত্বপূর্ণ মনে করছেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। চলতি মৌসুমের শুরুর দিকে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে কয়েকটি দল দিবা-রাত্রির ম্যাচে অংশ নিলেও গোলাপি বলে ব্রডের অভিজ্ঞতাটা খুবই কম।
গত বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলেছে পাকিস্তানের বিপক্ষে। তবে ইংল্যান্ডের কন্ডিশন অনেক বেশি ভিন্নতর হতে পারে।
বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টেও আগে ব্রড বলেন, ‘এটা সম্পূর্ণ অপরিচিত অঙ্গনে পা রাখা। গোলাপি বলে আমি মাত্র একটি বল করেছি-আমি এটা তুলনামূলক স্ট্রেইট পেয়েছি। কি আশা করা উচিত আমি সেটাই জানিনা। আমাদের কেবলমাত্র ঐ দিনটির সঙ্গে ভালভাবে মানিয়ে নিতে হবে এবং কি হচ্ছে সেটা চিহ্নিত করতে হবে। এটা খুবই উত্তেজনাকর একটা ধারনা। আমি এডিলেডে দিবা-রাত্রির টেস্ট দেখেছি এবং বেশ উপভোগ করেছি। একজন খেলোয়াড় হিসেবে উত্তেজনাকর বিষয় হচ্ছে- আমরা এটাকে বেশ খোলা মনে গ্রহণ করছি এবং এ বিষয়ে বলতে গেলে প্রায় শিখছি। ‘এ সপ্তাহে যে দল ভালভাবে মানিয়ে নিতে পারবে সে দলই ভাল করবে।’
IMG0
সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা ছাড়া যেকোন কিছুই ইংল্যান্ডের জন্য একটা আপসেট হবে। তবে প্রতিপক্ষকে সম্মানের চোখে দেখতে চান ব্রড।
তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতি এবং তাদের প্রতিদ্বন্দ্বিতার প্রতি যথেষ্ট সম্মান আমাদের আছে। বর্তমান ক্যারিবিয় দলটি কিছুটা অনভিজ্ঞ উল্লেখ করে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ব্রড বলেন, ‘আপনারা জানেন কিছুটা অনভিজ্ঞ দল সাফল্যের জন্য সব সময়ই ক্ষুধার্ত থাকে। নিজেদেরকে প্রমাণের জন্য তারা অঙ্গীকারাবদ্ধ থাকবে এবং এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ‘এই সিরিজে প্রতিটি বলই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। বাসস।
ইত্তেফাক/রেজা
