আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যতদিন শোকাবহ ১৫ই আগস্টে তার ভুয়া জন্মদিন পালন করবেন; ততদিন বিএনপির সাথে কোনো সংলাপ ও সম্পর্ক উন্নয়ন হবে না। গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘এই ভুয়া জন্মদিবস পালন বন্ধ না করলে তাদের সঙ্গে আমাদের বসার কোনো সুযোগ নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে খালেদা জিয়া গণতন্ত্রের ধারাকে ব্যাহত করছেন। এই জন্মদিন পালন করে তিনি সংলাপের পরিবেশ নষ্ট করছেন। বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, তারা ইচ্ছে করে প্রভোকেশন দিচ্ছে। তারা গণতন্ত্র চায় না, তারা সংলাপ চায় না। যদি চাইত, তাহলে ভুয়া জন্মদিবস পালন করে বঙ্গবন্ধুর হত্যা দিবসে তারা কেক কাটার মতো উত্সবে মেতে উঠতো না।’ ওবায়দুল কাদের বলেন, অনেকেই বলেন, আমাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা, বিভিন্ন মহল থেকে বলা হয় যে; দুই নেত্রী কেন সংলাপে বসেন না। কিন্তু দুই নেত্রীর সংলাপে বসার কী এখানে কোনো পরিবেশ আছে? কোনো ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং আছে? কোনো এনভায়রনমেন্ট, কোনো অ্যাটমোসফেয়ার আছে?’ তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ জানে, তারাও জানে; এই দিনটি বেগম খালেদা জিয়ার জন্মদিন নয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়ি গিয়েছিলেন। কিন্তু তিনি দেখা করেননি। এটা কি গণতন্ত্রের মানসিকতা? তাদের কী সংলাপ করার, গণতন্ত্রকে বিকশিত করার মন-মানসিকতা আছে? ওবায়দুল কাদের বলেন, ‘এবার আমরা কনফিডেন্সের সাথে বলছি; সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে, আমেরিকা কানাডার সঙ্গে কথাবার্তা চলছে। আমরা আশা করছি, বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের উদ্যোগ সফল হবে।’
বঙ্গবন্ধুর খুনিরা কে কোন দেশে
আছে তা শনাক্ত হয়েছে:স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধুর খুনিরা কোন কোন দেশে আছে তা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘তাদেরকে দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সাথে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা চলছে।’ তিনি বলেন, শিগগিরই নূর চৌধুরীসহ তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।
ইত্তেফাক/আনিসুর
