বিএনপির মুখে আইনের শাসনের কথা মানায় না: নাসিম

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ০৯:২৭
 
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের যারা রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করেছে, সেই বিএনপির মুখে আইনের শাসনের কথা মানায় না। আসলে বিএনপি রাজনৈতিকভাবে ভণ্ড একটি দল।
 
গতকাল মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক ৫টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্স মিলনায়তনে, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে মিরপুর, কলাবাগান, সোবহানবাগ ও ধানমন্ডিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার জাতীয় শোক দিবসে বিএনপি নেত্রীর জন্মদিনের কেক কাটার খবর পাওয়া যায়নি। তাদের শুভবুদ্ধির উদয় হলে ভালো। ভবিষ্যতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর দিনে কেক কেটে উল্লাস করলে বিএনপি জনগণের ঘৃণা ছাড়া আর কিছুই পাবে না। তিনি বলেন, যখন ইমডেমনিটি জারি করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল তখন আদালত তো কোনো রুল জারি করেনি।
 
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বাংলাদেশে ফিরিয়ে দিতে বিদেশি রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর হয়েছে। তবে এখনো কিছু খুনি দেশের বাইরে পালিয়ে আছে। যে সকল দেশে এসব খুনিরা পালিয়ে আছে, সে রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাবো, খুনিদের বিচারের রায় কার্যকর করার জন্য তাদের যেন দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তিনি বলেন, ২১ বছর যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার হয়নি, খুনিরা যখন পার্লামেন্টে (সংসদ) ছিল, তখন তো কেউ বলেনি এই পার্লামেন্টের লোকগুলো অযোগ্য।
 
স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া মোহাম্মদ নাসিম জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর শেওড়াপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
 
ইত্তেফাক/আনিসুর