সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু আজ

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৩:১২
 
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিনিয়র সাংবাদিকের সঙ্গে দুই দিনব্যাপী সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠেয় প্রথমদিনের সংলাপে ৩৮জন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও আমন্ত্রিত সকলকে সংলাপে পাচ্ছে না কমিশন। 
 
ইতোমধ্যে বেশ কয়েকজন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক বিদেশে অবস্থান, নানা ব্যস্ততার কারণে সংলাপে অংশ নিতে পারবেন না বলে কমিশনকে জানিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে ৩৪জন সাংবাদিককে। 
 
সিইসি কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রথমদিনের সংলাপে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকরা অংশ নিবেন। বৃহস্পতিবারের টিভি চ্যানেল, রেডিও, অনলাইন ও সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে