‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত’

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৩:৩৫
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, দেশে যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার সর্বদা প্রস্তুত রয়েছে। 
 
আজ বুধবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর মডেল উচ্চ বিদ্যালয় (পৌর ভবন সংলগ্ন) মাঠে ‘ফলদ বৃক্ষ মেলা-২০১৭’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
তিনি আরো বলেন, বন্যা ও দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত সাইক্লোন সেন্টার গড়ে তোলা হবে। ইতোমধ্যে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। 
 
মন্ত্রী বন্যাদুর্গত এলাকার জনগণের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপে গ্রহণে আশ্বাস দিয়ে বলেন, কেউ খাদ্য ও আশ্রয় সংকটে পড়বে না। সরকার ওএমএস কর্মসূচির পাশাপাশি ভিজিএফ কর্মকান্ড সম্প্রসারণ করবে। দলগত প্রচেষ্টার মাধ্যমে কাজ করা হলে দুর্যোগ মোকাবেলায় সুফল পাওয়া যায়। এ জন্য জনপ্রতিনিধি এবং সরকারের বিভিন্ন দফতরে কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। 
 
মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের চাহিদা মেটাতে সকল ব্যবস্থা নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকার ভর্তুকিসহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশে ফলদ ও বনজ গাছ লাগানোর জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার। আমাদের আগে যে খাদ্যের অভাব ছিলো, তা এখন আর নেই। আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে আমরা এ সফলতা অর্জন করেছি। আমাদের জনসংখ্যা বাড়ছে, কৃষি জমির পরিমান কমেছে। তারপরও বাংলাদেশ কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে। 
 
মন্ত্রী বলেন, আগে ফলসহ বিভিন্ন ফসলের স্টক বিদেশ থেকে আনা হতো এখন আমরা নিজেরাই তৈরি করছি। এটা সম্ভব হয়েছে আমাদের গবেষণা ও আধুনিক প্রযুক্তি গ্রহণের কারণে। 
 
IMG0
 
খাদ্যে পুষ্টির বিষয় বিশেষ নজর দেয়ার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দেশে এখনো যথেষ্ট পুষ্টির অভাব রয়েছে। আমাদের নতুন প্রজন্ম তাদের উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে এ পুষ্টি চাহিদা পূরণ করবে। আমরা আস্তে আস্তে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছি, আমরা আমাদের খাদ্যে ও ফলে স্বয়ংসম্পূর্ণতা বজায় রেখেই এগিয়ে যাব। আমাদের প্রচলিত ফলের উন্নয়নের মাধ্যমে ফলের সরবরাহ সারা বছর নিশ্চিতকরণে কৃষির অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
 
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস। 
 
আরো উপস্থিত ছিলেন ছেংগারচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহিদুল ইসলাম, ওসি আনোয়ারুল হক কামাল, মন্ত্রীর এপিএস মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহমদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন সরকার প্রমুখ।
 
এর আগে মন্ত্রী মোহনপুরে উপজেলা মহিলা লীগ ও  মাথাভাঙ্গায় উপজেলা যুবলীগের শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/কেকে