বাংলাদেশকে মাদকমুক্ত দেখতে চান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে তিনি নিজ এলাকাকে মাদকমুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন। কোনো রাজনীতিবিদ বা জনপ্রতিনিধি মাদক ব্যবাসয়ীদের পক্ষে তদবির করলে মন্ত্রী জানাতেও অনুরোধ করেন।
মন্ত্রী বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক নির্মূল বিষয়ে এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন। থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এতে কসবার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, প্রেসক্লাব সভাপতি সোলায়মান খান, বিনাউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এস এম মান্নান, আখাউড়ার নেতৃবৃন্দের মধ্যে পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, ওসি মো. মোশারফ হোসেন তরফদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন প্রমুখ।
মন্ত্রী বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বায়েকে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। তিনি বলেন, 'সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হবে।'
ইত্তেফাক/জামান
