খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশে খাদ্য সংকট নেই। বর্তমানে চালের দামও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে।
প্রায় ২০ লাখ মেট্রিক টন চাল উত্পাদন কম হওয়ায় আগাম সতর্কতা হিসেবে ‘আমরা এবার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছি’ উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এ বছর হাওর অঞ্চলে অকাল বন্যায় ইরি-বোরো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০ লাখ মেট্রিক টন চাল উত্পাদন কম হয়েছে। এই চাল উত্পাদনের লক্ষমাত্রা ছিল ১ কোটি ৯১ লাখ মেট্রিক টন বলে তিনি জানান।
বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভা শেষে এডভোকেট কামরুল সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। সভায় সরকারিভাবে ১৫ লাখ মেট্রিক টন চাল এবং ৫ লাখ মেট্রিক টন গম আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। দু’এক দিনের মধ্যেই চালের আমদানি শুল্ক কমানোর প্রজ্ঞাপন জারি করা হবে।
ইত্তেফাক/এএম।
