আইএস ঘাঁটি তাল আফারে ইরাকি বাহিনীর হামলা

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২১:৪৯
মসুলের পশ্চিমে আইএস ঘাঁটি তাল আফারে ইরাকি এবং যৌথবাহিনীর অব্যাহত বিমান হামলায় আশেপাশের হাজার হাজার লোক প্রাণভয়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে। শুধু বিমান হামলা নয়, স্থল হামলাও সামনে চালানো হবে এই আশঙ্কায় লোকজন আরো বেশি নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। 
 
ইরাকের যুদ্ধবিমান মঙ্গলবার আইএসের আস্তানা বলে পরিচিত তাল আফারে ব্যাপক বিমান হামলা চালায়। সামরিক বাহিনী জানায়, তারা সিরীয় সীমান্তের কাছে অবস্থিত ওই শহরটি পুনরায় নিজেদের দখলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামরিক বাহিনীর সূত্র আরো জানায়, সোমবারই তাল আফার পুণরায় দখলের জন্য ঘোষণা দেওয়া হয়েছিল। এর পরের দিন সেখানে ব্যাপক বিমান হামলা চালানো হয়। 
 
ফেডারেল পুলিশ প্রধান লে.জেনারেল রায়েদ শাকির জাওদাত বলেন, ওই শহরের অভিযানে ‘সাঁজোয়া এবং অভিজাত ইউনিট’ এর নেতৃত্ব দিচ্ছে। গত জুলাইয়ে মসুল থেকে আইএস মুক্ত করার পর আশেপাশে যেসব জায়গায় আইএস রয়েছে তারমধ্যে অন্যতম একটি স্থান তাল আফার। মুসল পুনরুদ্ধার হলেও তাল আফার এখনো আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। আর সে কারণেই এই স্থানটি আইএসমুক্ত করার জন্য ইরাকি বাহিনী লড়াই করে যাচ্ছে। 
 
এই শহরটি সিরীয় সীমান্ত থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই রুট দিয়ে এতোদিন আইএসের জন্য রসদ ও অন্যান্য জিনিস আসতো। গত সোমবার কয়েক হাজার বেসামরিক লোককে ইরাকি সেনাবাহিনী তাদের ট্রাকে করে ওই এলাকা থেকে অন্যত্র নিয়ে আসে। অনেকে বলছেন, এই এলাকাতে লোকজন এখন খাবারের জন্য হাহাকার করছে। এছাড়া সেখানে তীব্র পানি সংকটও বিরাজ করছে।
 
ইত্তেফাক/সাব্বির