মাকির্ন সামরিক ঘাঁটি গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা থেকে সরে আসায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার সকালে এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প কিমের প্রশংসা করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কিম জং উন বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছেন। না হলে দুই দেশের জন্যই বিপর্যয় নেমে আসতো যা কারো কাছেই কাম্য নয়। মঙ্গলবার গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা স্থগিত করার কথা ঘোষণা করেন কিম। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কী সিদ্ধান্ত নেয় সেদিকেই লক্ষ্য রাখবে উত্তর কোরিয়া। তার সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে আমরা ক্ষেপণাস্ত্র হামলা চালাবো কিনা।
IMG0
এর আগে গত সপ্তাহে গুয়ামে চলতি মাসেই চারটি ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন উত্তর কোরিয়ার এক শীর্ষ সামরিক কর্মকর্তা। এর পাল্টা জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র কেনো, এর কোনো মিত্রদের ওপরও যদি উত্তর কোরিয়া হামলা চালায় তাহলে এমন জবাব দেওয়া হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি। এমনকি সেজন্য মার্কিন সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও তিনি জানান। তখন থেকেই কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধের আতংক ছড়িয়ে পড়ে। সিএনএন।
ইত্তেফাক/সেতু
