তিন বন্ধুর ‘টেইক অ্যা ব্রেক’

আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৪:১২
 
নাট্যনির্মাতা আরিফ খান তিন বন্ধু মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নির্দেশক তানিয়া আহমেদ ও মডেল অভিনেত্রী তানভীন সুইটিকে নিয়ে আসছে ঈদের জন্য ছয় পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন।
 
শিল্পী মহলানবীশের রচনায় এ নাটকের নাম ‘টেইক অ্যা ব্রেক’। মূলত নব্বই দশকের শুরুর দিক থেকে মৌ, তানিয়া ও সুইটির মধ্যে বন্ধুত্বের শুরু। সেই বন্ধুত্ব আজও অটুট আছে। আর তাই শুটিং শুরুর দিকে মেকআপরুমেই মেকআপ নিতে নিতে গল্প আর আড্ডা জমে উঠে এই তিন তারকার।
 
শ্বেতা, তৃণা আর ঝুমা—এই তিন বান্ধবীর মধ্যে খুব মিল। কিন্তু তিন বান্ধবীরই স্বামীর সঙ্গে নানা ঝামেলা লেগেই থাকে। একসময় তিন বান্ধবী মিটিং করে সিদ্ধান্ত নেয় স্বামীদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে গিয়ে একসময় উপলব্ধি হয় তিনজনেরই স্বামী তাদের স্ত্রী, সংসার এবং সন্তানদের ভীষণ ভালোবাসে।
 
যে কারণে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয়, যতো ঝগড়াই হোক কেউ কাউকে ছেড়ে যাবে না কোনোদিন। নাটকে শ্বেতা চরিত্রে মৌ, তৃণা চরিত্রে সুইটি এবং ঝুমা চরিত্রে তানিয়া অভিনয় করছেন। আসছে ঈদে এসএ টিভিতে প্রচারিত হবে ‘টেইক অ্যা ব্রেক’ নাটকটি।
 
ইত্তেফাক/আনিসুর