'রায় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জাতিকে হতাশ করেছে'

আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৬:২০
 
ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ জাতিকে উদ্বিগ্ন করেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দেখলাম বুধবার প্রধানমন্ত্রী স্বয়ং অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর এভাবে সাক্ষাৎ করায় জাতি উদ্বিগ্ন এবং হতাশ।
 
তিনি বলেন, 'এর আগেও আমরা দেখেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ জন্য ভবিষ্যতে তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।'
 
বৃহস্পতিবার বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। এসময় তিনি বলেন, 'সরকার যেভাবে ষোড়শ সংশোধনী বাতিলের রায়, বিচার বিভাগ এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বলছে, তাতে দেশ বলতে কিছু আছে মনে হয় না।'
 
'আমরা (বিএনপি) এবং দেশের মানুষ মনে করে বর্তমান রাজনীতিতে এ রায়ে যে পর্যবেক্ষণ দেয়া হয়েছে তা খুব গুরুত্বপূর্ণ' এমনটি উল্লেখ করে বক্তৃতায় মির্জা ফখরুল আরও বলেন, 'দেশের মানুষের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সংবিধানকে সমুন্নত রাখার জন্য এ রায় শুধু যুগোপযোগী নয়, ঐতিহাসিক। আমি মনে করি এটি একটি দলিল।' তিনি বলেন, 'এখানেই আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। সরকার দেখছে যে তাদের পায়ের নিচে মাটি নেই। আওয়ামী লীগ যে অবৈধভাবে দীর্ঘদিন শাসন চালিয়ে আসছে তার প্রকাশ ঘটেছে এই রায়ের মধ্য দিয়ে। বিচার বিভাগ নিজেরাই বলেছে, সরকার তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।'
 
ওই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ। আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান