২০১৪ সালে গণতন্ত্রপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য হংকংয়ের আন্দোলনকারী ছাত্রনেতা জশুয়া ওংকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই দণ্ডাদেশের ফলে আগামী পাঁচ বছর তিনি কোনো স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ওংয়ের পাশাপাশি আরো দুই ছাত্রনেতা নাথান ল এবং অ্যালেক্স চৌকেও কারাদণ্ড দেওয়া হয়।
বেআইনি সমাবেশের জন্য গত বছর ওংয়ের বিচার করা হয়েছিল এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। সেই সময় তাকে সাজা হিসেবে নাগরিক সেবার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই সাজা খুবই হালকাÑ এমন যুক্তি দিয়ে নজিরবিহীনভাবে হংকং সরকার আপিল করে। এই আপিলের ফলে ওংকে ছয় মাস, লকে আট মাস এবং চৌকে সাত মাসের কারাদণ্ড দিল দেশটির একটি আদালত। হংকংয়ে কেউ তিন মাসের বেশি কারাদণ্ড পেলে, পরবর্তী পাঁচ বছর তিনি স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। এদিকে কারাদণ্ড পাওয়া ছাত্রনেতা নাথান ল গত বছর অনুষ্ঠিত নির্বাচনে আইনসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তিনি যথাযথভাবে শপথ গ্রহণ করেননি এমন অভিযোগে গত মাসে তার সদস্যপদ বাতিল করে দেয় দেশটির একটি আদালত।
মানবাধিকার গ্রুপগুলো হংকং সরকারের সমালোচনা করে বলেছে, ভবিষ্যতে বিক্ষোভে অংশ নেওয়া থেকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখা এবং নির্বাচনী রাজনীতি থেকে তরুণদের বাদ দেওয়ার উদ্দেশ্যে আপিলটি ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তবে হংকং সরকার অভিযোগ অস্বীকার করে বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যের দাবির ‘একেবারেই কোনো ভিত্তি’ নেই। এদিকে দণ্ডাদেশের পর ধারাবাহিকভাবে বেশ কয়েকটি টুইট করেন ওং। এরকম একটি টুইটে তিনি বলেন, তারা প্রতিবাদকে নিস্তব্ধ করতে পারে, আইন সভা থেকে আমাদের সরিয়ে দিতে পারে এবং আমাদের জেলে নিতে পারে। কিন্তু তারা হংকংবাসীর হৃদয় ও মন জয় করতে পারবে না। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
