মনিরামপুরের সাবেক সংসদ সদস্য গুরুতর অসুস্থ

আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১১:৪৮
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও যশোর-৫ (মনিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খান টিপু সুলতান লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা আজ শুক্রবার জানিয়েছেন।
 
গুরুতর অসুস্থ হয়ে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছেন টিপু সুলতান। তিনি সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন। খান টিপুর ভাগ্নে জাকির হোসেন জানান, প্রচণ্ড জ্বরের কারণে মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।
 
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার যশোরোস্থ্য তার নিজ বাসভবনে অবস্থান করার সময় জ্বরে আক্রান্ত হন। এ সময়ে ঘরের ডাইনিং রুমে অসতর্ক বসত: পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় পারিবারিক চিকিৎসক ডা. কামরুজ্জামানের পরামর্শে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য অ্যামবুলেন্সে করে মঙ্গলবার সকালে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন। ওইদিন সেখানে পরিক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে রক্তক্ষণ ধরা পড়ে এবং সেখানেই  দ্রুত অপারেশন করা হয়। 
 
উল্লেখ্য, খান টিপু সুলতান যশোর-৫ আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া যশোর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করেছেন।
 
ইত্তেফাক/এমআই