বগুড়ার ধুনট উপজেলায় প্রবাসি এক ব্যক্তির ৫ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক ও তার বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই পূর্বপাড়া গ্রামে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাদাই পূর্বপাড়া গ্রামে মসজিদ ভিত্তিক পাঠাশালার প্রথম শ্রেণির শিক্ষার্থী ওই শিশুটি। শুক্রবার বিকেল ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে দোলনায় ঝুলে খেলা করছিল।
এ সময় প্রতিবেশী লুৎফর রহমানের বখাটে ছেলে আবু নাঈম (১৪) শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়ির শয়ন কক্ষে নিয়ে যায়। ওই বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে শিশুটিকে ধর্ষণ করে আবু নাঈম। শিশুর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থল পৌঁছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সংবাদ পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষক আবু নাঈম (১৪), তার বাবা লুৎফর রহমান (৪২), মা আনজুয়ারা খাতুনকে (৩৫) গ্রেফতার করে। এ ঘটনায় ধর্ষিত শিশুর মা বাদী হয়ে গ্রেফতারকৃত ওই ৩ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে একই এলাকার হেউডনগর গ্রামে আত্মীয়র বাড়ি থেকে ধর্ষক আবু নাঈম এবং ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগে কাদাই গ্রাম থেকে লুৎফর রহমান ও তার স্ত্রী আনজুয়ারা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ওই শিশুটির ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
