ইনজুরির কারণে দীর্ঘ দিন যাবত খেলার বাইরে আছেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। তার ক্রিকেটে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বিশে^র অন্যতম সেরা এ নিজেই বলেছেন ক্রিকেটে ফিরতে এখনো তার ‘দুই/তিন’ সপ্তাহ সময় লাগবে।
দেশের ঘরোয়া ক্রিকেটে এত দিন তিনি কেপ কোবরার প্রতিনিধিত্ব করলেও তাদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে নতুন ঘরোয়া মৌসুমের শুরু থেকেই তিনি প্রিটোরিয়ার হয়ে মাঠে ফিরবেন বলে গতকাল নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী স্টেইন। অস্ট্রেলিয়া সফরে গত বছর নভেম্বরে পার্থ টেস্টে কাঁধে আঘাত পাওয়ার পর থেকেই খেলার বাইরে আছেন স্টেইন।
ইনজুরির কারণে দীর্ঘ দিন খেলার বাইরে থাকায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে গিয়েছিল। কিন্তু নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘অপেক্ষার পালা শেষ’। এরপর থেকেই বুঝা যাচ্ছে তিনি খেলায় ফিরতে প্রস্তুত।
নতুন দলে ফেরার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন এখনি তিনি এই মুহুর্তেই প্রস্তুত ছিলেন না।
স্টেইন বলেন,‘আপনি ঘরোয়া অন্য খেলোয়াড়দের লক্ষ্য করুন, তারা মৌসুম শুরুর জন্য পুরোপুরি প্রস্ততি। তবে আমি বলবো তাদের মত একই অবস্থায় আমি নেই।
‘সম্ভবত খেলা থেকে আমি দুই/তিন সপ্তাহ দূরে অবস্থান করছি। তবে এমন অবস্থায় থেকেও আমি সত্যিই উচ্ছস্বিত। দলে একবার সুযোগ হলে আমার কাজ হবে আক্রমনের নেতৃত্ব দেয়া; ফাস্ট বোলিং করা এবং উইকেট নেয়া।’ প্রোটিয়াদের পরবর্তী এসাইনমেন্ট সেপ্টেম্বর-অক্টোবরে নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজেই মাঠে দেখা যেতে পারে স্টেইনকে।বাসস।
ইত্তেফাক/রেজা
