বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২০:৪০
আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই বন্যা দুর্গত এলাকায় আমাদের মন্ত্রী, এমপি ও নেতারা কাজ করছেন। এসব এলাকায় মেডিকেল টিম কাজ করছে। পানি নেমে যাওয়ার পর দুর্গত এলাকায় স্বাস্থ্য সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ। 
 
শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর তেতুঁইবাড়িতে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে দিনব্যাপী বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তিনি এ কথা বলেন। 
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনগণের ভোটে বার বার নির্বাচিত হয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা জঙ্গি দমন করেছি। দেশে আজকে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন শেখ হাসিনা। ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণকে বিনামূলে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে ও সামাজিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। 
 
এ সয় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, গাজীপুর সিভিল সার্জন সৈয়দ মঞ্জুরুল হক, হাসপাতালের সিইও জাইতুন বিনতি সুলাইমান, প্রফেসর গোলাম মোস্তফা প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি