আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় গেলে ২০০১ এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ২০১১ এর মত ষড়যন্ত্রের চেষ্টা করছে বিএনপি। জামায়াতকে সাথে নিয়ে তারা এখন পুরানো খেলায় মেতে উঠেছে। তাই আমাদের সবারই চোখ-কান খোলা রাখতে হবে। ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। আমরা আর ২০০১ এর মত আর ষড়যন্ত্র হতে দেব না।
সেতুমন্ত্রী বলেন, বিদেশে বসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সরকার হটানোর ষড়যন্ত্র করছেন। সব জানি আমরা। কোথায়, কারা কারা যাচ্ছে, কি আলাপ হচ্ছে; লন্ডনের খবর, দুবাইয়ের খবর, ব্যাংককের খবর, কি কি শলা-পরামর্শ হচ্ছে, কোন কোন পথ খোঁজা হচ্ছে শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য- এই সব খবর এই তথ্য প্রবাহের যুগে গোপন থাকে না।’
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বদলায়নি। তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। কারণ এবার অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ফ্রি এবং ফেয়ার নির্বাচন হবে। নির্বাচনে তারা জিততে পারবে না, সেটা বিএনপি জানে এই জন্যই আবারও তারা ষড়যন্ত্র করছে।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিবায়াত, মুজিবুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল, দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি
