রাশিয়ায় সারগুত শহরে শনিবার ছুরিকাঘাতে সাত ব্যক্তি আহত হয়েছেন। তবে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন। অন্যদিকে হামলাটির দায় স্বীকার করেছে জঙ্গি-গোষ্ঠী আইএস।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, হামলাকারী ওই ব্যক্তি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা করেন। রাস্তায় চলাচলরত একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করতে থাকেন ঐ হামলাকারী।
IMG0
রাশিয়ান অপরাধ তদন্তকারী ইনভেস্টিগেটিভ কমিটি বলেছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যান। তাদের গুলিতে হামলাকারী নিহত হন। হামলার প্রকৃতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আপাতত এ ঘটনাকে ‘হত্যাচেষ্টা’ বলে ধারণা করা হচ্ছে।
হামলাকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে রাশিয়ান আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ। সারগুতেরই স্থানীয় বাসিন্দা ছিলেন হামলাকারী। আনুমানিক ২৩ বছর বয়সী ঐ ব্যক্তির মানসিক কোন সমস্যা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী কমিটি। বিবিসি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/আনিসুর
