বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিচারপতি অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে দেয়ায় পার্লামেন্টকে ছোট করা হয়েছে, যা দুঃখজনক।
রবিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্লামেন্টে প্রধান বিচারপতিকে অপসারণ করার ক্ষমতা ভারত, নেপালসহ বিভিন্ন দেশে রয়েছে কিন্তু এখানে তা বাতিল করা হয়েছে। এই রায় নিয়ে আমরা তেমন মন্তব্য করতে রাজি নয়, তবে আমরা ৭২ সালের পর থেকে সংসদে প্রতিনিধিত্ব করেছি। এই রায়ের মাধ্যমে সেই সংসদকেই ছোট করা হয়েছে।
বঙ্গবন্ধু সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণার মাধ্যমে স্বাধীনতার সাঁকো তৈরি করেছেন। তিনি কখনো কারো সঙ্গে আপোষ করেননি। যার কারণে আমরা পেয়েছি স্বাধীনতা। সেই নেতাকেই ঘাতকরা বাঁচতে দেননি। যিনি একটি সুন্দর সোনার বাংলা গড়তে চেয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, অধ্যাপক আমির হোসেন, ট্রেজারার অধ্যাপক মনজুরুল হক প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
