সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর আটক

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৪:৫৫
 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাৎক্ষনিকভাবে এক বাইসাইকেল চোরকে আটক করেছেন ব্যাংক ব্যবস্থাপক ও সহকর্মীরা। আজ সোমবার সকাল ১১টার দিকে অগ্রণী ব্যাংক ফুলবাড়ী শাখায় এ ঘটনা ঘটে। 
 
বাইসাইকেল চুরির অপরাধে আটক বাবলু মিয়া (৪০) জানান, তিনি রংপুর জেলার কাউনিয়া উপজেলার চর হক বাজার গ্রামের মকবুল হোসেনের ছেলে। এ সময় তার সহযোগী লালমনিরহাট জেলার ফকিরটারী গ্রামের মাসুম মিয়া চোরাই সাইকেল নিয়ে পালিয়ে যায়। 
 
জানা গেছে, উপজেলার শিমুলবাড়ী জাকলাটারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল-আমিন বিদ্যুৎ বিল দেয়ার জন্য ব্যাংকের নিচে নতুন বাইসাইকেল রেখে উপর তলায় উঠেন। কিছুক্ষণ পর তিনি নিচে নেমে রেখে যাওয়া সাইকেলটি দেখতে না পেয়ে ব্যবস্থাপক আমিনুল ইসলামকে বিষয়টি জানান। ব্যবস্থাপক ভিডিও ফুটেজ দেখে দুই চোরকে সনাক্ত করে সহকর্মীরাসহ তাৎক্ষণিকভাবে ব্যাংকের আশেপাশে তল্লাশি শুরু করেন। এ সময় ভিডিও ফুটেজ অনুযায়ী বাবলুর চেহারা ও  চুরি করার দৃশ্য মিলে যাওয়ায় তাকে আটক করেন ব্যবস্থাপক ও সহকর্মীরা। বাবলুর সহযোগী মাসুম সাইকেল নিয়ে পালিয়ে গেলেও বাবলুর আটকের খবর পেয়ে চোরাই সাইকেলটি ফেরত দিয়েছে। 
 
এ ব্যাপারে ব্যস্থাপক আমিনুল ইসলাম জানান,আটক চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/কেকে